ট্রাম্পের অবিবেচনাপ্রসূত ঘোষণা মধ্যপ্রাচ্যকে সংকটময় করবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i49759-ট্রাম্পের_অবিবেচনাপ্রসূত_ঘোষণা_মধ্যপ্রাচ্যকে_সংকটময়_করবে_ইরান
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, জেরুজালেম আল-কুদসকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিবেচনাপ্রসূত ঘোষণা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সংকটময় করে তুলবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৭ ০৬:৫৪ Asia/Dhaka
  • মঙ্গলবার তেহরানে  বোরুজেরদির সঙ্গে সাক্ষাৎ করেন বাগদাসারিয়ান
    মঙ্গলবার তেহরানে বোরুজেরদির সঙ্গে সাক্ষাৎ করেন বাগদাসারিয়ান

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, জেরুজালেম আল-কুদসকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিবেচনাপ্রসূত ঘোষণা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সংকটময় করে তুলবে।

সারাবিশ্বের বিরোধিতা উপেক্ষা করে ট্রাম্প সম্প্রতি জেরুজালেম নামে খ্যাত ফিলিস্তিনের আল-কুদস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

ইরান সফররত আর্মেনিয়ার সিনিয়র সংসদ সদস্য বাহরাম বাগদাসারিয়ানের সঙ্গে তেহরানে এক বৈঠকে আলাউদ্দিন বোরুজেরদি আরো বলেন, ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদ হচ্ছে তা থেকে বিশ্বজনমতের কাছে ফিলিস্তিনের গুরুত্ব ফুটে ওঠে।

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে আল-কুদস শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে

তিনি আরো বলেন, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের কবল থেকে ইরাক ও সিরিয়া মুক্ত হওয়ার ফলে মধ্যপ্রাচ্য যখন কয়েক বছরের সংকট থেকে মুক্তি পেতে যাচ্ছিল তখন ট্রাম্প এ বিতর্কিত ঘোষণার মাধ্যমে এ অঞ্চলকে আবার সংকটের মধ্যে ঠেলে দিয়েছেন।

সাক্ষাতে আর্মেনিয়ার সঙ্গে সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন ইরানের সিনিয়র সংসদ সদস্য বোরুজেরদি। এ সময় মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন সংকটে ইরানের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন বাগদাসারিয়ান। তিনি বলেন, ইরানের এ ভূমিকার কারণে এসব অঞ্চলের সংকট অনেকাংশে প্রশমিত হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩