ইরানের চলমান পরিস্থিতি নিয়ে চলছে অপপ্রচার; কেন?
https://parstoday.ir/bn/news/iran-i50655-ইরানের_চলমান_পরিস্থিতি_নিয়ে_চলছে_অপপ্রচার_কেন
ইসলামি প্রজাতন্ত্র ইরানে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় কয়েকটি শহরে ছোটখাটো সমাবেশ হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং সরকারের তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। কিন্তু কয়েকটি শহরে অনুষ্ঠিত ছোটখাটো এসব সমাবেশ নিয়ে শত্রুরা নানা ষড়যন্ত্র শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৭ ১৪:০১ Asia/Dhaka
  • ইরানের চলমান পরিস্থিতি নিয়ে চলছে অপপ্রচার; কেন?

ইসলামি প্রজাতন্ত্র ইরানে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় কয়েকটি শহরে ছোটখাটো সমাবেশ হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং সরকারের তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। কিন্তু কয়েকটি শহরে অনুষ্ঠিত ছোটখাটো এসব সমাবেশ নিয়ে শত্রুরা নানা ষড়যন্ত্র শুরু করেছে।

আমেরিকার নেতৃবৃন্দ এবং বিপ্লব বিরোধী ও  বিদেশী গণমাধ্যম এসব সমাবেশকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিছু অজ্ঞাত দুস্কৃতকারী পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানি ঘোলা করছে। এরইমধ্যে দুস্কৃতকারীরা কয়েকটি সরকারি অফিস ও ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তারা সমাবেশকারীদের মূল দাবি এড়িয়ে পরিস্থিতিকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। বিশৃঙ্খলা উসকে দিতে আমেরিকা হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছে। 

মার্কিন সরকার দুস্কৃতকারীদের প্রতি সমর্থন ঘোষণা করে অন্যান্য দেশকেও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। মজার বিষয় হলো দুস্কৃতকারীদের প্রতি সমর্থনকে ইরানি জাতির প্রতি সমর্থন হিসেবে বর্ণনা করছে মার্কিন সরকার। আমেরিকাসহ গোটা পাশ্চাত্য এবং সৌদি গণমাধ্যম বিক্ষোভ মিছিলকে রাজনৈতিক আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (শনিবার) ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক বক্তব্যের সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, ইরানের জনগণ মার্কিন নেতাদের সুযোগ সন্ধানী ও বিভ্রান্তিকর বক্তব্যে কান দেয় না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  আরও বলেছেন, ইরানের জনগণ ফিলিস্তিন, ইয়েমেন ও বাহরাইনে মানবাধিকার লঙ্ঘনে ট্রাম্পের ভূমিকা, ইরানের শিক্ষিত ও সভ্য নাগরিকদেরকে আমেরিকায় প্রবেশে বাধা এবং মিথ্যা অভিযোগে সেদেশে বসবাসকারী বহু ইরানি নাগরিককে গ্রেপ্তারের কথা ভুলে যায় নি।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১