শিগগিরি অস্থিতিশীলতার অবসান ঘটবে: ইরান
-
ইরানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হোসেইন জুলফিকারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হোসেইন জুলফিকারি বলেছেন, দেশের যেসব শহরে বিক্ষোভ ও সহিংসতা হচ্ছিল তার বেশিরভাগ জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, শিগগিরি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে এবং অস্থিতিশীলতার অবসান ঘটবে।
হোসেইন জুলফিকারি আজ (মঙ্গলবার) জানান, সরকারি সম্পত্তি ধ্বংস না করা পর্যন্ত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে। তবে যেসব ব্যক্তি অন্তর্ঘাতমূলক তৎপরতায় জড়িত ছিল তাদের বিষয়ে পুলিশ শক্ত পদেক্ষপ নিয়েছে।
ইরানের এ মন্ত্রী আরো বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভ শুরু হলেও ইরানের সাধারণ জনগণ পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ঘটনা কী হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। এখন তারাই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করছেন।
এদিকে, ইরান সরকারের মুখপাত্র মোহাম্মাদ বাকের নোবাখ্ত এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সংবিধান পরিষ্কারভাবে দাঙ্গা ও প্রতিবাদের বিষয় আলাদা করেছে। তিনি জোর দিয়ে বলেন, আইনি কাঠামোর ভেতরে থেকে জনগণের প্রতিবাদের অধিকারকে সরকার শ্রদ্ধা করবে এবং দাঙ্গাকারীদেরকে আইনের আওতায় থেকেই মোকাবেলা করা হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২