মার্কিন হুমকির মুখেও পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দিল ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/iran-i51187-মার্কিন_হুমকির_মুখেও_পরমাণু_সমঝোতার_প্রতি_সমর্থন_দিল_ইউরোপীয়_ইউনিয়ন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি আবারো সমর্থন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন সরকার যখন এ সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন ইউরোপীয় ইউনিয়ন সমঝোতার প্রতি সমর্থন ঘোষণা করলো।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ১১, ২০১৮ ১৫:০১ Asia/Dhaka
  • ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক।
    ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি আবারো সমর্থন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন সরকার যখন এ সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন ইউরোপীয় ইউনিয়ন সমঝোতার প্রতি সমর্থন ঘোষণা করলো।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত আজকের (বৃহস্পতিবার) বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

বৈঠক শেষে মোগেরিনি জানান, "আজকের বৈঠকে সব পক্ষ থেকে পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।" তিনি বলেন, পরমাণু সমঝোতা ঠিক মতোই কাজ করছে এবং ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারির যে লক্ষ্য নিয়ে সমঝোতা সই হয়েছিল সে লক্ষ্য থেকে বিচ্যুত হয় নি। এসময় তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নয়টি রিপোর্টের কথা তুলে ধরেন। আইএইএ'র এসব রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে।

মোগেরিনি যদিও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তবে তিনি পরিষ্কার করে বলেছেন, এসব ইস্যুর সঙ্গে পরমাণু সমঝোতার সম্পর্ক নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পরমাণু সমঝোতা মেনে চলবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত নিতে যাচ্ছেন তখন ইরান ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক হলো। আগামীকালের মধ্যে ট্রাম্প তার সিদ্ধান্ত ঘোষণা করবেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১