পরমাণু সমঝোতার বাইরে কোনোকিছুতে প্রতিশ্রুতি দেব না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i51259-পরমাণু_সমঝোতার_বাইরে_কোনোকিছুতে_প্রতিশ্রুতি_দেব_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে সই হওয়া পরমাণু সমঝোতার বাইরে তেহরান কোনো ইস্যুতে নতুন করে আর কোনো প্রতিশ্রুতি দেবে না। ২০১৫ সালে সই হওয়া সমঝোতা যখন পরিবর্তনের জন্য আমেরিকা বার বার চাপ সৃষ্টি করছে তখন ইরান এ কথা বলল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৮ ০৯:০২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে সই হওয়া পরমাণু সমঝোতার বাইরে তেহরান কোনো ইস্যুতে নতুন করে আর কোনো প্রতিশ্রুতি দেবে না। ২০১৫ সালে সই হওয়া সমঝোতা যখন পরিবর্তনের জন্য আমেরিকা বার বার চাপ সৃষ্টি করছে তখন ইরান এ কথা বলল।

আজ (শনিবার) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো একবার এ সমঝোতার আওতায় ইরানকে নিষেধাজ্ঞার বাইরে রাখার কথা ঘোষণা করেছেন। অভ্যন্তরীণ ঐক্য ও আন্তর্জাতিক সমর্থনের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প, ইহুদিবাদী ইসরাইল ও কট্টর যুদ্ধকামী জোটের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

হোয়াইট হাউজে বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

গতকাল হোয়াইট হাউজ জানিয়েছে, “শেষবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকলেন। তবে আগামী ১২০ দিনের মধ্যে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন।”

হোয়াইট হাউজ এ ঘোষণা দিলেও ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়া পরিষ্কার করে বলেছে, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ঠিকমতো কাজ করছে এবং এ নিয়ে তারা নতুন করে আলোচনায় অংশ নেবে না। ইরানও অত্যন্ত দৃঢ়ভাবে বলেছে, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। আজকের বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে কথা আবারো উল্লেখ করেছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩