ইসরাইলি আগ্রাসনের মুখে লেবাননকে সমর্থন দেবে ইরান: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i51515-ইসরাইলি_আগ্রাসনের_মুখে_লেবাননকে_সমর্থন_দেবে_ইরান_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার নিজের স্বার্থে লেবাননকে বিভক্ত করতে চায়। তবে লেবাননের জনগণ ও সরকার তেল আবিবের এ ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৮ ২২:৫৪ Asia/Dhaka
  • নাবিহ বেরির (বামে) সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক
    নাবিহ বেরির (বামে) সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার নিজের স্বার্থে লেবাননকে বিভক্ত করতে চায়। তবে লেবাননের জনগণ ও সরকার তেল আবিবের এ ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।

তেহরানে অনুষ্ঠানরত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলনের অবকাশে লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। তিনি বলেন, লেবাননের ভেতরে বিভক্তি সৃষ্টি করতে পারলে নিঃসন্দেহে ইসরাইল লাভবান হবে। তবে সাম্প্রতিক মাসগুলো মধ্যপ্রাচ্যের বেশকিছু সরকার তাদের চেহারা উন্মোচন করছে বলে মন্তব্য করেন তিনি।

নাবিহ বেরি (বামে) ও প্রেসিডেন্ট রুহানি

লেবাননের স্থিতিশীলতার প্রশংসা করে হাসান রুহানি বলেন, ইসরাইল ভেবেছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ দীর্ঘদিন ধরে এ অঞ্চলে থাকবে। প্রেসিডেন্ট রুহানি আশা করেন, আমেরিকা ও ইসরাইলের মতো বিদেশী শক্তিকে এ অঞ্চলের দেশগুলো বিভক্তি সৃষ্টি করতে দেবে না। তিনি জানান, ইসরাইলের আগ্রাসনের মুখে লেবাননকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে ইরান। পামাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে এ অঞ্চলের জনগণের ভূমিকা রাখা উচিত।

প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে লেবাননের স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বায়তুল মুকাদ্দাস নিয়ে মার্কিন সরকারের অবস্থানের কারণে আঞ্চলিক সংকট সৃষ্টি হতে পারে।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এতে সারাবিশ্বে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। এর প্রতিবাদ জানাতে গিয়ে এরইমধ্যে প্রায় ২০ জন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর হাতে শহীদ হয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭