আমেরিকার প্রতারণার শিকার হবেন না: ইউরোপকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i52505-আমেরিকার_প্রতারণার_শিকার_হবেন_না_ইউরোপকে_ইরান
ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার প্রতারণার ব্যাপারে ইউরোপকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরোধিতা করতে ইউরোপীয় দেশগুলোকে উদ্বুদ্ধ করার জন্য মার্কিন সরকার নানারকম ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ০৪:৪৬ Asia/Dhaka
  • আলী মোতাহারি
    আলী মোতাহারি

ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার প্রতারণার ব্যাপারে ইউরোপকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরোধিতা করতে ইউরোপীয় দেশগুলোকে উদ্বুদ্ধ করার জন্য মার্কিন সরকার নানারকম ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।

ইরানের পার্লামেন্টের ভাইস স্পিকার আলী মোতাহারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন দাবি করছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় মার্কিন স্বার্থ লঙ্ঘিত হয়েছে। কাজেই সমঝোতা থেকে ‘ক্ষতিকর’ ধারাগুলো বাদ না দিলে আমেরিকাকে ওই সমঝোতা থেকে বের করে নেয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটন আরো দাবি করছে, ২০১৫ সালে পরমাণু সমঝোতা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব অনুমোদন করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মাধ্যমে তা লঙ্ঘন করা হচ্ছে।

পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ছয় জাতিগোষ্ঠী ও ইরানের পতাকা

আলী মোতাহারি আমেরিকার ওই দাবি প্রত্যাখ্যান করে বলেন, “ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার সঙ্গে পরমাণু সমঝোতা বা নিরাপত্তা পরিষদের প্রস্তাবের কোনো সম্পর্ক নেই।”

তিনি আরো বলেন, আমেরিকা যাতে ইউরোপীয় দেশগুলোকে প্রতারিত করতে না পারে সে ব্যাপারে এসব দেশকে সতর্ক থাকতে হবে। ইরানের ভাইস স্পিকার আরো বলেন, কোনো আন্তর্জাতিক আইনে নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে বাধ্য নয় ইরান। আমেরিকা এক্ষেত্রে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫