গৌতায় বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা: ইরান
-
জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বৈঠকে ইরানের প্রতিনিধি মোহসেন কানেয়ী
সিরিয়ার পূর্ব গৌতায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বৈঠকে ইরানের প্রতিনিধি মোহসেন কানেয়ী একথা বলেছেন। ব্রিটেনের অনুরোধে গতকাল (শুক্রবার) সিরিয়া পরিস্থিতি পর্যালোচনার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সিরিয়ার গৌতায় সন্ত্রাসীদের সহিংসতা গোপন করে আশার আল-আসাদের ওপর দোষ চাপানোর জন্য মোহসেন কানেয়ী পশ্চিমা গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, স্নাইপার সন্ত্রাসীরা গৌতা থেকে সাধারণ লোকজনকে বেরিয়ে যেতে দিচ্ছে না।
ইরানের এ প্রতিনিধি বলেন, গত সাত বছর ধরে কয়েকটি দেশ সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়ে আসছে এবং এসব সন্ত্রাসীর বর্বরতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। কথিত মধ্যপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহযোগিতার বিষয়টি উল্লেখ করে মোহসেন কানেয়ী আরো বলেন, যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে সম্প্রতি একটি প্রস্তাব পাস করলেও সন্ত্রাসীরা তা মানছে না বরং তারা আবাসিক এলাকায় হামলা অব্যাহত রেখেছে; এমনকি যেসব মানুষ গৌতা এলাকা ছেড়ে চলে যেতে চাইছে তাদেরকে গুলি করে হত্যা করছে এসব সন্ত্রাসী।
ইরানের এ প্রতিনিধি আরো বলেন, তেহরান এখনো মনে করে- জনগণের পছন্দের ভিত্তিতে জাতীয় সংলাপের মাধ্যমে সিরিয়ার চলমান সংকট নিরসন করা সম্ভব।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩