ইরানের জাতীয় নিরাপত্তা বিনষ্টের সুযোগ কেউ পাবে না: আইআরজিসি
-
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র স্থল ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, কাউকে ইরানের অভ্যন্তরে ও সীমান্তে অনিরাপত্তা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। ইরানের সীমান্তবর্তী শহর সারাভানে তাকফিরি সন্ত্রাসবাদ বিরোধী এক সমাবেশে তিনি আজ (শনিবার) এ কথা বলেন।
মোহাম্মাদ পাকপুর আরও বলেছেন, বিজাতীয় শক্তি কখনোই ইরানের জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবে না। তাদেরকে নিরাপত্তা বিনষ্টেরও সুযোগ দেওয়া হবে না।
আইআরজিসি'র স্থল ইউনিটের প্রধান বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমেরিকা এবং এসব সন্ত্রাসী গোষ্ঠী মুসলিম দেশগুলোর অবকাঠামো ধ্বংস করে মুসলমানদেরকে শরণার্থীতে পরিণত করতে চায়।
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সহযোগিতায় ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে। শিয়া ও সুন্নি আলেমরা আরও বেশি সচেতন হলে তাকফিরি গোষ্ঠীগুলোর মুখ বন্ধ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩