নিষেধাজ্ঞা দিলে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে: বোরুজেরদি
-
আলাউদ্দিন বোরুজেরদি
ইসলামি প্রজাতন্ত্রও ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, যদি আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে।
তিনি আজ (শনিবার) বলেন, “২০১৫ সালে সই হওয়া সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা তুলে নেয়া। কিন্তু যদি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ইরান অবশ্যই এ সমঝোতায় থাকবে না।”
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গত বৃহস্পতিবার বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে সম্ভবত আমেরিকা বেরিয়ে আসবে এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সন্ত্রাসবাদে সমর্থন এবং পরমাণু সমঝোতার ধারা লঙ্ঘনের জন্যও তিনি ইরানকে অভিযুক্ত করেন। হ্যালি বলেন, ইউরোপের দেশগুলো ইরানের এই ভূমিকার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে কিন্তু আমেরিকা তা করবে না।
নিকি হ্যালি আরো বলেছেন, তেহরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না কারণ তারা ইউরাপের সঙ্গে বাণিজ্য করতে চায়। হ্যালির এ মন্তব্য নাকচ করে আলাউদ্দিন বোরুজেরদি বলেন, ইরানের জন্য হ্যালি নিজে সিদ্ধান্ত দিতে পারেন না বরং ইরান নিজের জাতীয় স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭