সন্ত্রাসীদের চাঙ্গা করতে সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে আমেরিকা ও ইসরাইল: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i55612-সন্ত্রাসীদের_চাঙ্গা_করতে_সিরিয়ায়_তৎপরতা_চালাচ্ছে_আমেরিকা_ও_ইসরাইল_ইরান
সিরিয়ার সরকারের বিরুদ্ধে রাসায়নিক হামলার কথিত অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার আমেরিকা এবং তার মিত্রদের হুমকি সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা করবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১০, ২০১৮ ১৪:০৬ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের চাঙ্গা করতে সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে আমেরিকা ও ইসরাইল: ইরান

সিরিয়ার সরকারের বিরুদ্ধে রাসায়নিক হামলার কথিত অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার আমেরিকা এবং তার মিত্রদের হুমকি সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা করবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।

আজ (মঙ্গলবার) সেনেগাল সফর শেষে ব্রাজিলে পৌঁছার পর পররাষ্ট্রমন্ত্রী জারিফ এ মন্তব্য করেন।

সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে জারিফকে প্রশ্ন করা হলে এর জবাবে তিনি বলেন, "এ হামলায় আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ সিরিয়ায় মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের অবস্থা এখন ভালো নয় এবং প্রতিদিনই তারা কোনো না কোনো বিপর্যের মুখে পড়ছে। এসব সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা করার জন্য আমেরিকা এবং ইসরাইল নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখনই সন্ত্রাসীরা কোনো বিপর্যের মুখে পড়ে ইসরাইল এবং আমেরিকা তখনই তাদের সাহায্যে ছুটে যায়।"

গত শনিবার সিরিয়ার দুমা শহরে রাসায়নিক হামলা চালানো হয় বলে অভিযোগ তোলা হয়। হামলায় অন্তত ৬০ ব্যক্তি নিহত এবং ১০০০ জনেরও বেশি আহত হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

সিরিয়ার জনগণের ওপর রাসায়নিক হামলার পরপরই আমেরিকাসহ কিছু পশ্চিমা দেশ এর দায় সিরিয়ার সরকারের ওপর চাপিয়ে দিয়েছে। দামেস্ক তৎক্ষণাৎ রাসায়নিক হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দামেস্ক সরকার বলছে- সিরিয়ার সেনাদের অগ্রাভিযান ব্যহত করতেই রাসায়নিক হামলার অভিযোগ তোলা হয়েছে। সিরিয়ার সরকার জোর দিয়ে বলেছে, সন্ত্রাসীদের মোকাবেলার জন্য রাসায়নিক অস্ত্রের প্রয়োজন নেই।#

পার্সটুডে/বাবুল আখতার/১০