বলদর্পি শক্তিগুলো মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে: ড. লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i56572-বলদর্পি_শক্তিগুলো_মুসলমানদের_মাঝে_বিভেদ_সৃষ্টির_পাঁয়তারা_করছে_ড._লারিজানি
ইরানের সংসদ স্পিকার ড. লারিজানি বলেছেন, বলদর্পি শক্তিগুলো মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে। মুসলিম দেশগুলো যদি পারস্পরিক ঐক্য গড়ে তুলতো তাহলে বৃহৎ একটি সমাজ গড়ে উঠতো এবং বিভেদের পথ বন্ধ হয়ে যেত বলে তিনি মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ৩০, ২০১৮ ১৪:০৯ Asia/Dhaka
  • ড. লারিজানি ও ফজলে হোসেন বাদশা
    ড. লারিজানি ও ফজলে হোসেন বাদশা

ইরানের সংসদ স্পিকার ড. লারিজানি বলেছেন, বলদর্পি শক্তিগুলো মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে। মুসলিম দেশগুলো যদি পারস্পরিক ঐক্য গড়ে তুলতো তাহলে বৃহৎ একটি সমাজ গড়ে উঠতো এবং বিভেদের পথ বন্ধ হয়ে যেত বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এম.পি'র সঙ্গে আলাপকালে আজ তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলা করা ও মুসলমানদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টিতে আমেরিকা যে অপচেষ্টা চালাচ্ছে,তা ইরানের কাছে একটি উদ্বেগের বিষয়।

লারিজানি বলেন মধ্যপ্রাচ্যে যে আমেরিকা সন্ত্রাসবাদ ছড়াচ্ছে সে বিষয়ে মুসলিম দেশগুলোর অভিন্ন উপলব্ধি নেই। আমেরিকাকে এখন সন্ত্রাসবাদ মোকাবেলার কথা বলতে দেখা যাচ্ছে,অথচ ইতিহাস ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যাবে সন্ত্রাসী গোষ্ঠিগুলো গড়েই উঠেছে আমেরিকার সহযোগিতায়।

ফিলিস্তিনের ব্যাপারে বাংলাদেশের অবস্থান গ্রহণের প্রশংসা করে ড. লারিজানি বলেন বায়তুল মোকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত আমেরিকার একটি ধ্বংসাত্মক পদক্ষেপ। মুসলিম দেশগুলোর উচিত ওই ধ্বংসাত্মক পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

এদিকে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসায় ইরানের প্রশংসা করেন। তিনি বলেন আমেরিকা সবসময়ই আরব দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে এসেছে। কিন্তু বাংলাদেশ কখনোই রাজনৈতিকভাবে মার্কিন ওই পদক্ষেপকে সমর্থন করে নি।

বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন,তাঁর দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে চায়।এ ধরনের সহযোগিতা বৃদ্ধির জন্য দু'দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ট হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৩০