ইউরোপের জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারে না ইরান: লারিজানি
-
ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি
ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি বলেছেন, পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র ব্যাপারে ইউরোপের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তেহরান অনন্তকাল অপেক্ষা করতে পারে না। তিনি এ ব্যাপারে ‘অবিলম্বে ও সুস্পষ্টভাবে’ নিজেদের অবস্থান ঘোষণা করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
মার্কিন সরকার গতমাসে জেসিপিওএ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা টিকিয়ে রাখা হবে বলে ইউরোপীয় দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তারা এ সংক্রান্ত রূপরেখা ঘোষণা করছে না।
রোববার পার্লামেন্ট অধিবেশনে দেয়া বক্তৃতায় এ সম্পর্কে লারিজানি আরো বলেন, অনতিবিলম্বে ইউরোপকে বিশদভাবে জানাতে হবে তারা কী প্রক্রিয়ায় পরমাণু সমঝোতা রক্ষা করবে। ইরান নিজের স্বার্থের ব্যাপারে ছাড় দেবে না বলেও তিনি উল্লেখ করেন।
লারিজানি বলেন, ইউরোপ অনর্থক সময়ক্ষেপণ করলে ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু কর্মসূচিসহ অন্যান্য ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।
২০১৫ সালের জুলাই মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান পরমাণু সমঝোতা সই করে। ওই সমঝোতায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে নিজের পরমাণু তৎপরতায় সীমাবদ্ধতা আনতে সম্মত হয় তেহরান।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে এ সমঝোতা থেকে একতরফাভাবে তার দেশকে বের করে নেন। এরপর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এ সমঝোতা রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ইরানকে সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার আহ্বান জানায়। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে নিজেদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় দেশগুলো।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১