দেশে ফিরল ইরানের ফুটবল দল: বিমানবন্দরে বিপুল সংবর্ধনা
https://parstoday.ir/bn/news/iran-i59636-দেশে_ফিরল_ইরানের_ফুটবল_দল_বিমানবন্দরে_বিপুল_সংবর্ধনা
রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব শেষে দেশে ফিরেছে ইরানের জাতীয় ফুটবল দল। আজ (বুধবার) ভোর ৪টায় ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে। এ সময় ইরানের ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ফুটবল ফেড়ারেশনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ২৭, ২০১৮ ১৮:৫৭ Asia/Dhaka
  • খেলোয়াড়দের সংবর্ধনা দিতে বিমান বন্দরে শত শত মানুষ
    খেলোয়াড়দের সংবর্ধনা দিতে বিমান বন্দরে শত শত মানুষ

রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব শেষে দেশে ফিরেছে ইরানের জাতীয় ফুটবল দল। আজ (বুধবার) ভোর ৪টায় ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে। এ সময় ইরানের ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ফুটবল ফেড়ারেশনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।

বিশ্বকাপে অংশগ্রহণকারী ইরানি ফুটবল খেলোয়াড়দের পরিবারের সদস্যরাসহ শত শত মানুষ এ সময় তাদের ফুল দিয়ে ও করতালির মাধ্যমে বরণ করে নেন। বিমানবন্দরে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা এবং কোচ কার্লোস কেইরুস ও খেলোয়াড়দের ছবি।

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে স্পেন, পর্তুগাল ও মরক্কোর বিরুদ্ধে প্রতিযোগিতায় নামে ইরান।  ১৫ জুন নিজেদের প্রথম খেলায় আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কোকে ১-০ গোলে পরাজিত করে তারা।

ইরানি ফুটবল দল

এরপর নিজেদের দ্বিতীয় খেলায় বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি স্পেনের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরে যায়। এরপর তৃতীয় ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ে চতুর্থ স্থানে থাকা পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে ১-১ গোলে ড্র করে

কোচ কার্লোস কেইরুসের ছবি হাতে এক ব্যক্তি

তবে পর্তুগালের বিপক্ষে দল জয়ের দাবিদার ছিল বলে মনে করেন ইরানের কোচ কার্লোস কেইরুস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই ম্যাচে কেবল একটি দলই জয়ী হতে পারত এবং সেটা হওয়া উচিত ইরান। জয় আমাদের প্রাপ্য ছিল।...আমি গর্বিত কিন্তু হতাশ।”

গ্রুপ ‘বি’ থেকে পর্তুগাল ও স্পেন প্রত্যেকে ৫ পয়েন্ট করে পেয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। ইরান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং মরক্কো ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭