হরমুজ প্রণালি ব্যবহার: প্রেসিডেন্ট রুহানির হুমকি বাস্তবায়ন করবে আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i59863-হরমুজ_প্রণালি_ব্যবহার_প্রেসিডেন্ট_রুহানির_হুমকি_বাস্তবায়ন_করবে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি বলেছে, তেল রপ্তানির ব্যাপারে প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়ন করতে এই বাহিনী প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুলাই ০৬, ২০১৮ ১৭:৪৮ Asia/Dhaka
  • আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি বলেছে, তেল রপ্তানির ব্যাপারে প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়ন করতে এই বাহিনী প্রস্তুত রয়েছে।

প্রেসিডেন্ট রুহানি গত মঙ্গলবার সুইজারল্যান্ড সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট অ্যালায়েন বেরসেতের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইরানকে তেল রপ্তানি করতে না দিলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না।

ইরানকে তেল রপ্তানি করতে দেয়া হবে না বলে আমেরিকা হুমকি দেয়ার পর প্রেসিডেন্ট রুহানি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বার্নে সুইস প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎ (মঙ্গলবারের ছবি)

ইরানের দক্ষিণে অবস্থিত হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের তেল রপ্তানি হয়। প্রেসিডেন্ট রুহানি তার হুঁশিয়ারির মাধ্যমে ওই প্রণালি বন্ধ করে দেয়ার পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন।

আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি প্রেসিডেন্ট হাসান রুহানির এই ‘চূড়ান্ত ও নিস্পত্তিমূলক’ বক্তব্যের প্রশংসা করে বলেছেন, প্রয়োজন হলে এ হুমকি বাস্তবায়ন করবে তার বাহিনী। তিনি বলেন, গোটা ইরানি জাতি এবং সরকার যদি ঐক্যবদ্ধভাবে প্রেসিডেন্ট রুহানির হুমকি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় তাহলে আইআরজিসি তা বাস্তবায়ন করবে।  জেনারেল জাফারি পরিষ্কার করে বলেন, ‘হয় সবাই হরমুজ প্রণালি ব্যবহার করবে অথবা কেউ করতে পারবে না।’#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬