'ওয়াশিংটনের সৃষ্ট সমস্যার কারণে ইরানে অলিম্পিয়াডে অংশ নেয়নি মার্কিনীরা'
-
অধ্যাপক সৈয়দ আগা মিরি(বামে) প্রতিযোগিতার পরীক্ষা চলছে(ডানে)
ওয়াশিংটনের সৃষ্ট সমস্যার কারণে ইরানের চলমান আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮'এ অংশ নিতে পারেনি আমেরিকার প্রতিযোগিতারা। তেহরানের শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ আগা মিরি রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
তিনি বলেন, ইরানে এবারই প্রথম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৭১টি দেশ অংশগ্রহণ করছে বলে জানান তিনি। প্রতি দেশ থেকে চার জন প্রতিযোগী এবং দুইজন লিডার অংশ নিচ্ছে। অবশ্য কোনো কোনো দেশ থেকে এ ছাড়া, কয়েকজন জুরিও অংশগ্রহণ করছেন।
১৮ জুলাই থেকে শুরু হওয়া এ আন্তর্জাতিক প্রতিযোগিতা ৭ দিন ধরে চলবে বলেও জানান তিনি। প্রতিযোগীদের দুই দিন পরীক্ষা নেয়া হয়েছে। একদিন তারা তাদেরকে প্রস্তুতি নেয়ার জন্য দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে রেডিও তেহরানকে সাক্ষাৎকার দেন তিনি।
এবারের প্রতিযোগিতার মাধ্যমে রেকর্ড সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, আইবিও'র ৭৮ সদস্য দেশের মধ্যে ৭১ জন এবার অংশগ্রহণ করছে। আমেরিকার প্রতিযোগীরা নাম নিবন্ধন করালেও শেষপর্যন্ত তাদের সরকারের সৃষ্ট সমস্যার কারণে তেহরানের প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি বলে জানান তিনি।
রেডিও তেহরানের শ্রোতা ভাইবোন এবং ওয়েবসাইটের পাঠকবন্ধুদের উদ্দেশ্যে দেয়া বার্তায় তিনি বলেন, ইরান যেকোনো শান্তিপূর্ণ বৈজ্ঞানিক তৎপরতার জন্য নিরাপদ তা এ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে চমৎকারভাবে ফুটে উঠেছে। এ ছাড়া, আইবিও-২০১৮ আয়োজন ইরান চমৎকারভাবে সম্পন্ন করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯