বাব আল-মান্দাব নিয়ে কথা বলার অধিকার ইসরাইলের নেই: ইরান
-
হেশমাতুল্লাহ ফালাহাতপিশে
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাতপিশে বলেছেন, বাব আল-মান্দাব প্রণালি নিয়ে মতামত প্রকাশের কোনো অধিকার ইহুদিবাদী ইসরাইলের নেই। আন্তর্জাতিক পানিসীমায় ইরানের উপস্থিতি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ফালাহাতপিশে শুক্রবার তেহরানে এক বক্তব্যে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যের বিশাল অংশের নিরাপত্তা রক্ষা করছে। কাজেই এ অঞ্চল বিশেষ বিশেষ করে বাব আল-মান্দাব প্রণালি নিয়ে মত প্রকাশের অধিকার তেল আবিবের নেই।
সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়েমানি নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সুর মিলিয়ে দাবি করেছিলেন, বাব আল-মান্দাব প্রণালিতে ইরান নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ফালাহাতপিশে আরো বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে ইরান যে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তাকে আন্তর্জাতিক সমাজ স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে অস্থিতিশীল ও নিরাপত্তাহীন করে তুলেছে। নেতানিয়াহু তার বক্তব্যের মাধ্যমে ইসরাইলের এই অশুভ তৎপরতাকে আড়াল করার চেষ্টা করেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন