মাদুরোকে হত্যা-প্রচেষ্টার নিন্দা জানিয়েছে ইরান
-
হত্যা-প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা-প্রচেষ্টার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (রোববার) আরো বলেছেন, ব্যর্থ এ প্রচেষ্টার মাধ্যমে দক্ষিণ আমেরিকার এ দেশটিকে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
গতরাতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এক অনুষ্ঠানে ড্রোন হামলার ঘটনা ঘটে। তবে তিনি অক্ষত রয়েছেন। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির সামরিক বাহিনীর ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট বক্তৃতা দেয়ার সময় ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার বিষয়টি নিশ্চিত করে ভেনিজুয়েলার যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ বলেছেন, মাদুরোকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। এতে সাত সেনাসদস্য আহত হন।
একটি অজ্ঞাত গোষ্ঠী মাদুরোকে ব্যর্থ হত্যা-প্রচেষ্টার দায়িত্ব স্বীকার করেছে। এর আগে মাদুরো নিজেই বিষয়টির জন্য কলম্বিয়াকে দায়ী করেছিলেন। তবে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তা অস্বীকার করেছে। তারা বলেছে, এ ধরনের কোনো প্রচেষ্টা সঙ্গে কলম্বিয়া জড়িত নয়। মাদুরোর অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন।#
পার্সটুডে/এসআইবি/৫