তেহরানে ফুটতে শুরু করেছে 'গোলে নেই' মানে কাশফুল
কাশফুল শরৎকালে হয়। উইকিপিডিয়াতে এ তথ্য দেয়া আছে। কিন্তু গরমকাল এখনো শেষ হয়নি তেহরানে। শরৎ বা হেমন্ত আসতে এখনো বাকি। এরই মধ্যে তেহরানে ফুটতে শুরু করেছে 'গোলে নেই।' মানে বাংলা সাহিত্য এবং সিনেমায় বহুল ব্যবহৃত কাশফুল।
নগরীর সৌন্দর্যচর্চার অংশ হিসেবে তেহরানে সড়কদ্বীপ বা রাস্তার পাশে অন্যান্য ফুলের সঙ্গে কাশফুল লাগানো হয়। চার ঋতুর দেশটিতে শীতকালেও দেখা মেলে কাশফুলের। বৃষ্টি ও বরফ মাথায় নিয়ে তুলনামূলক ভাবে ম্রিয়মাণ হয়ে দুলতে থাকে তারা।
তেহরানের পশ্চিম বুলভারে(বুলেভার্ড)ফেরদৌসির শাকায়েকের চৌরাস্তা থেকে যে অংশ মহাসড়ক হাকিমের দিকে চলে গেছে তারই সড়ক দ্বীপ থেকে তোলা হয়েছে কাশফুলের এ সব ছবি।
হাকিম, চামরান, ওয়লিআস্রসহ তেহরান নগরীর অনেক প্রধান সড়ক সড়কের পাশেই দেখা যাবে কাশফুলের অমলিন শোভা। বসন্তে তেহরান ফুলেফুলে ভরে ওঠে ছড়িয়ে দেয় শুভ্রহাসি। তখন কিন্তু এ নগরীতে দেখা মেলে না কাশফুলের।
ছন গোত্রীয় এক জাতীয় ঘাস কাশফুলের বৈজ্ঞানিক নাম Saccharum spontaneum। কাশফুলের বেশ কিছু ভেষজ গুণ আছে- সে কথাও অনেকেই জানেন। পিত্তথলিতে পাথর হলে নিয়মিত গাছের মূলসহ অন্যান্য উপাদান দিয়ে ওষুধ তৈরি করে পান করলে সে পাথর দূর হয়। কাশমূল বেঁটে চন্দনের মতো নিয়মিত গায়ে মাখলে গায়ের দুর্গন্ধ দূর হয়। এছাড়াও, শরীরে ব্যথানাশক ফোঁড়ার চিকিৎসায় কাশের মূল ব্যবহৃত হয় বলে জানিয়েছে উইকিপিডিয়া।
পার্সটুডে/মূসা রেজা/৬