সিরিয়া সফরে গেছেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i63810-সিরিয়া_সফরে_গেছেন_ইরানি_প্রতিরক্ষামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি দুই দিনের সফরে সিরিয়া পৌঁছেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২৬, ২০১৮ ১৩:০০ Asia/Dhaka
  • ইরানি প্রতিরক্ষামন্ত্রীকে (ডান থেকে দ্বিতীয়) স্বাগত জানাচ্ছেন সিরিয়ার কর্মকর্তারা
    ইরানি প্রতিরক্ষামন্ত্রীকে (ডান থেকে দ্বিতীয়) স্বাগত জানাচ্ছেন সিরিয়ার কর্মকর্তারা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি দুই দিনের সফরে সিরিয়া পৌঁছেছেন।

আজ (রোববার) দিনের প্রথম দিকে তিনি রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং তাকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা স্বাগত জানান। সেখানে উপস্থিত ছিলেন সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জাওয়াদ তোরকাবাদি ও সামরিক অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল আলীনেজাদ।

দামেস্ক সফরের সময় ইরানি প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ অনান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। দামেস্ক পৌঁছে তিনি জানিয়েছেন, সিরিয়ার পুনর্গঠনে ইরান সক্রিয়ভাবে অংশ নিতে চায়। এছাড়া, আরব এ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করাও এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানান জেনারেল হাতামি।

সিরিয়া সংকট সমাধানে ইরান শুরু থেকেই বাশার আল-আসাদ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং এক পর্যায়ে সিরিয়া সরকারের অনুরোধে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দামেস্ককে সাহায্য করার জন্য সামরিক উপদেষ্টা পাঠায়। এছাড়া, কোনো রকমের অনুমতি না নিয়ে মার্কিন সেনারা সিরিয়ার অভ্যন্তরে যে তৎপরতা চালাচ্ছে তারও তীব্র সমালোচনা করে আসছে ইরান।#

পার্সটুডে/এসআইবি/২৬