ইরান ও ব্রিটেনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হচ্ছে আজ
https://parstoday.ir/bn/news/iran-i63949-ইরান_ও_ব্রিটেনের_মধ্যে_নতুন_করে_আলোচনা_শুরু_হচ্ছে_আজ
ইরানের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করতে ব্রিটেনের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালেস্টেয়ার বার্ট তেহরান সফরে এসেছেন। আজ (শনিবার) তিনি ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৮ ০২:৩৪ Asia/Dhaka
  • ইরান ও ব্রিটেনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হচ্ছে আজ

ইরানের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করতে ব্রিটেনের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালেস্টেয়ার বার্ট তেহরান সফরে এসেছেন। আজ (শনিবার) তিনি ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়া সত্ত্বেও লন্ডনের সঙ্গে তেহরানের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা এবং একতরফা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দ্বিপক্ষীয় ব্যবসায়িক লেনদেনে অর্থ আদান-প্রদানের উপায় নিয়ে মূলত বৈঠকে আলোচনা হবে। সেইসঙ্গে দু’পক্ষ মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম ব্রিটেনের কোনো উপ পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এলেন।  ইউরোপীয় ইউনিয়ন যখন আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার চেষ্টা করছে তখন এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ব্রিটিশ উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালেস্টেয়ার বার্ট শুক্রবার বিকেলে তেহরান পৌঁছেছেন

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান  কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গতকাল (শুক্রবার) আবারো ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি ব্রাসেলসে এক বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাকে স্বাগত জানিয়ে আমরা পরমাণু সমঝোতা বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাব।

আইএইএ বৃহস্পতিবার তার ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে এবং দেশটি পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১