তেহরানে তাসুয়া: শোক যখন প্রতিরোধের প্রেরণা হয়ে ওঠে
আজ(বুধবার) ইরানে পালিত হচ্ছে তাসুয়া। মহররম মাসের নবম দিনকে তাসুয়া বলা হয়।। কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে বেহেশতের সর্দার হজরত ইমাম হোসেইন (আ)-এর শাহাদাতের আগের দিনই হলো তাসুয়া।
মহররম মাসের শুরু থেকেই ইরানে শোকানুষ্ঠান ও শোক শোভাযাত্রা শুরু হয়। তাসুয়া এবং ১০ মহররম বা আশুরার দিনে তা তুঙ্গে পৌঁছায়।
দোয়ার আসর, শোক সভা এবং শোক শোভাযাত্রার পাশাপাশি তাসুয়া এবং আশুরার দিনে তোবারক বিতরণ আরো ব্যাপকতর হয়। তোবারক হিসেবে বিতরণ করা হয় গরম চা, চকলেট-দুধসহ নানা খাদ্য এবং পানীয়।
এ সব ছবি গতরাত এবং আজ তেহরানের সাজমানে বারনামে জুনুবি ও বাজারে বুজুর্গ থেকে তোলা হয়েছে। বাজারে বুজুর্গ বা বড় বাজারে আজ এক শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহরানের মেয়র পরিষদের প্রধান মহসিন রাফসানজানি। অনুষ্ঠানে হোসেইনের শাহাদতের ঘটনা অভিনয়ের মাধ্যমে হৃদয়স্পর্শী করে তুলে ধরা হয়। এ সময়ে দর্শকের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এখানে উল্লেখ্য, ঐতিহ্যবাহী বিশাল এ বাজারে অনেক শোকানুষ্ঠান এবং শোক মিছিলের আয়োজন করা হয়েছে।
যুগে যুগে ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে প্রেরণা হয়ে উঠেছে হোসেইনের আত্মত্যাগ। নবীজির ইসলামকে রক্ষার তাগিদেই ইয়াজিদের বিরুদ্ধে অসম যুদ্ধে নেমেছিলেন ইমাম হোসেইন(আ) এবং তার সঙ্গীরা। আর এর মাধ্যমে ইসলামকেই রক্ষা করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯