নেতানিয়াহুর বক্তব্যকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করল তেহরান
-
ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কথিত গোপন স্থাপনা দেখাচ্ছেন নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে নতুন করে যে অভিযোগ এনেছেন তাকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকা ও ইসরাইল ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার পর জাতিসংঘে আরেকটি হাস্যকার নাটক মঞ্চস্থ করেছেন নেতানিয়াহু। ইরানের কাছে বিষয়টি অপ্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
কাসেমি বলেন, বায়তুল মুকাদ্দাস দখলদারদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য শুনে ইরান অভ্যস্ত হয়ে পড়েছে। এরকম হাস্যকর কথাবার্তা প্রতিক্রিয়ার দাবি না রাখলেও আমরা এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
আরো পড়ুন: ‘নতুন নাটক নিয়ে জাতিসংঘে নেতানিয়াহু’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি করার একমাত্র অধিকার রাখে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ। ওই সংস্থা এ পর্যন্ত টানা ১২টি প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে স্বীকৃতি দিয়েছে। কাজেই ইহুদিবাদী ইসরাইল এ সম্পর্কে কি বলল তাতে তেহরানের কিছু যায় আসে না।
নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘে দেয়া বক্তব্যে দাবি করেছেন, তেহরানের অদূরে একটি গোপন পরমাণু স্থাপনা পরিচালনা করছে। ছয় বছর আগে এই নেতানিয়াহু জাতিসংঘে দেয়া বক্তব্যে দাবি করেছিলেন, আর মাত্র দুই বছর পর ইরান পরমাণু বোমা তৈরি করবে।
ইহুদিবাদী প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এ ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলে তেল আবিবের কাছে শত শত পরমাণু বোমা থাকার বিষয়টি থেকে জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করা যাবে না। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯