ইরানে হামলায় জড়িত সন্ত্রাসী কমান্ডারদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা; বহু হতাহত
https://parstoday.ir/bn/news/iran-i64693-ইরানে_হামলায়_জড়িত_সন্ত্রাসী_কমান্ডারদের_ঘাঁটিতে_ক্ষেপণাস্ত্র_হামলা_বহু_হতাহত
সিরিয়ায় ফোরাত নদীর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কমান্ডারদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০১, ২০১৮ ০৭:৪২ Asia/Dhaka

সিরিয়ায় ফোরাত নদীর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কমান্ডারদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আজকের হামলায় কয়েকজন সন্ত্রাসী কমান্ডারসহ বহু তাকফিরি নিহত হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস হয়েছে। আহওয়াজে গত ২২ সেপ্টেম্বরের হামলায় ২৫ জন ইরানি নিহত ও ৬৯ জন আহত হয়। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল-আহওয়াজিয়া ও দায়েশ।

আজকের  হামলা প্রসঙ্গে আইআরজিসি বলেছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে আজ ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া হামলায় সাতটি ড্রোন অংশ নিয়েছে। ড্রোনগুলো থেকেও বোমা ফেলা হয়েছে। ইরান থেকে ৫৭০ কিলোমিটার দূরের এসব লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। 

আহওয়াজে সন্ত্রাসী হামলায় অংশ নেয়া চার সন্ত্রাসীর মধ্যে তিনজন সে সময়ই নিহত হয়েছে। অপর হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে আটক রয়েছে। এছাড়া ওই হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে ২২ জনকে আটক করা হয়েছে। ইরান বলেছে, আহওয়াজে হামলার পেছনে রয়েছে আমেরিকা এবং সৌদি আরবের মতো কয়েকটি মার্কিন মিত্র দেশ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১