তেহরানে পার্লামেন্ট স্পিকারদের বৈঠক শেষ: আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রত্যয়
-
সমাপনি অনুষ্ঠানে ছয় দেশের পার্লামেন্ট স্পিকারদের মাঝে উপবিষ্ট ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করার মধ্যদিয়ে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, চীন ও রাশিয়ার পার্লামেন্ট স্পিকারদের বৈঠক শনিবার রাতে তেহরানে শেষ হয়েছে।
এসব দেশের পার্লামেন্ট স্পিকারদের দ্বিতীয় বৈঠকের সমাপনি বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলা ও প্রতিহত করার লক্ষ্যে যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তাকে সুসংহত করার মূল দায়িত্ব জাতিসংঘের। বিবৃতিতে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক প্রভাবের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। সেইসঙ্গে সব ধরনের সন্ত্রাসবাদের মূলোৎপাটন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে দ্বৈত আচরণ পরিহার এবং সংলাপ শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ইরান, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, চীন ও রাশিয়ার পার্লামেন্ট স্পিকারদের বৈঠকে এসব দেশে চালানো সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়। সেইসঙ্গে বিবৃতিতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করার জন্য এসব দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের একটি বিশেষ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেয়া হয়।
পার্লামেন্ট স্পিকারদের বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ও মাদক চোরাচালান প্রতিহত করার চলমান প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়।
বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ উপায়ে কাশ্মির সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়। পার্লামেন্ট স্পিকাররা তাদের বিবৃতিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
ইরান, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, চীন ও রাশিয়ার পার্লামেন্ট স্পিকারদের পরবর্তী বৈঠক ২০১৯ সালে তুরস্কে অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯