মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি উত্তেজনা সৃষ্টির বড় কারণ: ইরান
-
শুক্রবার চীনের ফিনিক্স টিভিতে জারিফের সাক্ষাৎকার প্রচারিত হয়
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ শুরু থেকেই বলে এসেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি উত্তেজনা সৃষ্টির অন্যতম প্রধান কারণ। তিনি চীনের ‘ফিনিক্স’ নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে এই অঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা।
জারিফ বলেন, পারস্য উপসাগরি মার্কিন যুদ্ধজাহাজর উপস্থিতি যেকোনো ইতিবাচক ফল বয়ে আনার আগে উত্তেজনা ও কলহ সৃষ্টি করে। যখনই আমেরিকা পারস্য উপসাগরে নিজের সামরিক উপস্থিতি জোরদার করে তখনই এ অঞ্চলের সবগুলো দেশ আতঙ্কের মধ্যে থাকে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজের স্বার্থ রক্ষা করার মতো শক্তি তার দেশের রয়েছে এবং ইরানের জন্য হুমকি সৃষ্টি করার অবস্থায় আমেরিকা নেই। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ফলে ইরান ছাড়া বাকি সবগুলো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা সম্পর্কে এক প্রশ্নর উত্তরে জারিফ বলেন, আমেরিকা সিরিয়ায় ঠিক কি করতে চায় তা এখনো স্পষ্ট নয়। তবে যেটা স্পষ্ট তা হচ্ছে- মধ্যপ্রাচ্যের ব্যাপারে মার্কিন সরকার অত্যন্ত ভয়ঙ্কর নীতি গ্রহণ করেছে যার পরিবর্তন দরকার।
ইরান কখনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী জারিফ। তিনি বলেন, আলোচনা থেকে যে নিজে থেকে সরে গেছে সে ইরান ছিল না। আট মাস আগ পর্যন্ত ইরানের পরমাণু আলোচনায় আমেরিকা উপস্থিত ছিল। কাজেই যারা নিজে থেকে চলে গেছে তাদেরকেই আবার আলোচনায় ফিরে আসতে হবে।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীনকে ইরানের কৌশলগত মিত্র হিসেবে উল্লেখ করে বলেন, চীন ইরানের জন্য একটি বিশ্বস্ত বন্ধু এবং ইরানের ব্যাপারেও চীন একই ধরনের বিশ্বাস পোষণ করবে বলে তেহরান আশা করে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯