সম্মেলন অনুষ্ঠানের কারণ ব্যাখ্যা করতে পোল্যান্ডের মন্ত্রী ইরানে
-
ইরান সফরে পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী মাচেই লাং (সামনে ডানে)
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী যে সম্মেলন হতে যাচ্ছে সে বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী মাচেই লাং তেহরান সফরে এসেছেন। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আমেরিকার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সফরকালে পোল্যান্ডের মন্ত্রী ব্যাখ্যা করবেন- কেন তার দেশ এ সম্মেলনের স্বাগতিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ (সোমবার) সকালে লাং তেহরান পৌঁছান এবং ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কয়েকদিন আগে বলেছেন, পোল্যান্ডে অনুষ্ঠেয় এ সম্মেলনে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে এবং ইরান যাতে প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করা হবে। সম্মেলনে বিশ্বের ৭০টি দেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে সম্মেলন অনুষ্ঠানের কারণ জানতে চায়। সে সময় পোল্যান্ডের কূটনীতিক তার দেশের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখান যা ইরান গ্রহণ করে নি। তেহরান বলেছে, এই সম্মেলন বন্ধ করতে হবে অন্যথায় পোল্যান্ডের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে।#
পার্সটুডে/এসআইবি/২১