ক্ষেপণাস্ত্র ইস্যুতে শত্রুর হুমকিকে পরোয়া করবে না ইরান: জেনারেল বাকেরি
-
মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা শক্তির বিরুদ্ধে শত্রুর হুমকিতে তেহরান ভীত নয়। এসব কথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।
তিনি আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে সমরাস্ত্র প্রদর্শনীতে বিদেশি রাষ্ট্রদূত ও সামরিক কর্মকর্তাদের এক সমাবেশে আরও বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী সব মিত্র দেশের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে। সামরিক ক্ষেত্রে ইরানের নীতি ও কৌশল প্রতিরক্ষামূলক বলে তিনি ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ইরান যে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তা এখন সবার কাছেই স্পষ্ট।
ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে ইরানের সাফল্য তুলে ধরে মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইরাক ও সিরিয়ার সশস্ত্র বাহিনীর পাশে থেকে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস-কে পরাজিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। একইসঙ্গে ইউরোপসহ অন্যান্য দেশের দিকে আইএস জঙ্গিদের যাত্রা থামিয়ে দিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭