হিজবুল্লাহর অভিযোগ: নির্বাচনী স্বার্থে যুদ্ধের উত্তেজনা বাড়াচ্ছেন নেতানিয়াহু
পার্সটুডে: লেবাননের হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের নির্বাচনী ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে যুদ্ধের উত্তেজনা আরও বাড়ানোর চেষ্টা করছেন।
পাশাপাশি হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা করে দাবি করেছে, শনিবার ভোরে দক্ষিণাঞ্চলের আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়ি এবং দেইর আল-জাহরানি এলাকায় একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে শিশু ও নারীসহ ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।
নেতানিয়াহু উগ্র ডানপন্থীদের সন্তুষ্ট করতে চাইছেন
হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলাকে অপরাধ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি লেবাননিদের হত্যা, তাদের বাড়িঘর ধ্বংস, কৃষিজমি নষ্ট এবং গ্রামগুলোর অস্তিত্ব মুছে দেওয়ার ধারাবাহিকতারই অংশ।
সংগঠনটির দাবি, বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা এবং হামলার পরিধি বাড়ানোর মাধ্যমে ইসরায়েলের এই উত্তেজনা সৃষ্টির নীতি দেখিয়ে দিচ্ছে যে নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করা, নির্বাচনী লক্ষ্য পূরণ এবং উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ আরও তীব্র করতে চাইছেন।
লেবাননকে সরাসরি আলোচনার পথ থেকে সরে আসার আহ্বান
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, এই ধারাবাহিক আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের দায় ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়। সংগঠনটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রয়োজনীয় সমর্থন ও রাজনৈতিকভাবে রক্ষা করার চেষ্টা করছে। হিজবুল্লাহ লেবানন সরকারকে হামলা বন্ধে বিদ্যমান সব উপায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার পথ অব্যাহত রাখার বিরোধিতা করে সংগঠনটি বলেছে, ইসরায়েলের বিভিন্ন হামলা ও আগ্রাসনের পরও তাদের সঙ্গে এমন আলোচনা চালিয়ে যাওয়া উচিত নয়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ওপর নির্ভর করাকে ‘অবাস্তব আশা’ বলল হিজবুল্লাহ
হিজবুল্লাহ বলেছে, এখন লেবানন সরকারের উচিত নিজেদের নীতির ব্যাপক পুনর্মূল্যায়ন করা এবং দেশের সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় জাতীয়, সাহসী ও দায়িত্বশীল অবস্থান নেওয়া। সংগঠনটির মতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনার পেছনে ছোটা বন্ধ করা উচিত। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা ও মধ্যস্থতার ওপর নির্ভর করা অর্থহীন, কারণ ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে লেবাননের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড ও অপরাধে অংশীদার।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ ও নিরাপত্তাকেই অগ্রাধিকার দিচ্ছে
হিজবুল্লাহ আরও বলেছে, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্য—যেখানে তিনি প্রতিরোধ গোষ্ঠীর অস্ত্র হস্তান্তরের দাবি জানিয়েছেন—প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য লেবাননের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নয়; বরং ইসরায়েলের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা।সংগঠনটি সব লেবানিজ রাজনৈতিক ও সামাজিক পক্ষকে সরকারের বর্তমান নীতির ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ইসরায়েলকে বুঝতে হবে যে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন, হামলা এবং বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা অনির্দিষ্টকাল চলতে পারে না। সংগঠনটি বলেছে, লেবানন, দেশটির জনগণ, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় এসব কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে।
পার্সটুডে/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।