ইরান থেকে তেল কেনার ব্যাপারে আর কোনো দেশকে ছাড় নয়: ব্রায়ান হুক
https://parstoday.ir/bn/news/iran-i69220-ইরান_থেকে_তেল_কেনার_ব্যাপারে_আর_কোনো_দেশকে_ছাড়_নয়_ব্রায়ান_হুক
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, অন্য দেশের ওপর আমেরিকার অমানবিক আচরণ, স্বেচ্ছাচারী নীতি ও অন্যায় আবদার চাপিয়ে দেয়ার দিন শেষ হয়ে গেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১২:৩৫ Asia/Dhaka
  • ব্রায়ান হুক
    ব্রায়ান হুক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, অন্য দেশের ওপর আমেরিকার অমানবিক আচরণ, স্বেচ্ছাচারী নীতি ও অন্যায় আবদার চাপিয়ে দেয়ার দিন শেষ হয়ে গেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশান গ্রুপের প্রধান ব্রায়ান হুকের এক বক্তব্যের জবাবে বাহরাম কাসেমি এ কথা বলেছেন। ব্রায়ান হুক বলেছেন, আমেরিকা আর কোনো দেশকে ইরান থেকে তেল কেনার অনুমতি দেবে না। অর্থাৎ ইরান বিরোধী নিষেধাজ্ঞায় কোনো শিথিলতা দেখানো হবে না। এ হুমকির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "ইরানকে যন্ত্রণা দেয়া বা বিরক্ত করা ব্রায়ান হুকের ক্রনিক ব্যাধীতে পরিণত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের এটা উপলব্ধি করা উচিত যে, তাদের ইচ্ছা অনুযায়ী পশ্চিম এশিয়াসহ বিশ্বের কোথাও পরিবর্তন আনা সম্ভব নয়।"

আমেরিকার "ইরান অ্যাকশান গ্রুপ"র প্রধান ব্রায়ান হুক গত বুধবার ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করে বলেছেন, তেল কেনার সুবিধা করে দেয়ার জন্য ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা আর শিথিল করা হবে না। এমন সময় ব্রায়ান হুক এ বক্তব্য দিলেন যখন ইরান থেকে তেল কেনার জন্য ছয় মাসের জন্য আটটি দেশকে মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে তীব্র মতপার্থক্য বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮মে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে ফের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর মধ্যে ইরানের তেল রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার জন্য আমেরিকা হুমকি দিলেও তারা জানে তেল নিষেধাজ্ঞা বাস্তবায়ন এত সহজ হবে না। এ কারণে তেল ক্রয়কারী দেশগুলোর চাপের মুখে আমেরিকা ছয় মাসের জন্য ইরান বিরোধী নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দেয়। ওই আটটি দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইতালি, জাপান, ভারত, চীন, তুরস্ক, তাইওয়ান এবং গ্রিস। মার্কিন সরকার এখন যেকোনো উপায়ে ইরানের সরকার ও জনগণের ওপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ইরানকে নতজানু করতে পারে। ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে।  ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, তার দেশ যদি আয়ের প্রধান উৎস থেকে বঞ্চিত হয় তাহলে তেহরানও চুপচাপ বসে থাকবে না এবং উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পর্যবেক্ষকরা বলছেন, ভৌগোলিক দিক থেকে ইরান সুবিধাজনক অবস্থানে থাকার কারণে ইরানের তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারবে না আমেরিকা। ইরান বিকল্প উপায়ে তেল রপ্তানি করবে। এ কারণে দেশটির সরকার আরো বেশি তেল বিক্রির জন্য চীন, রাশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৯