ইরান সফরে এসেছেন ইরাকের প্রধানমন্ত্রী
-
ইরাকি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদি দুই দিনের সরকারি সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানে এসেছেন। ক্ষমতায় আসার পর এটাই তার প্রথম ইরান সফর। দুই প্রতিবেশী দেশ যখন নানা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করছে তখন প্রধানমন্ত্রী আবদুল মাহাদি ইরান সফরে আসলেন।
আজ (শনিবার) রাজধানী তেহরানের সা’দাতাবাদ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্সে ইরাকি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আবদুল মাহাদির সঙ্গে রয়েছে উঁচু পর্যায়ের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল। আশা করা হচ্ছে- ইরাকি প্রধানমন্ত্রী ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। এছাড়া, তেহরান ও বাগদাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য তিনি ইরানের ব্যবসায়ী এবং অর্থনৈতিক কর্মীদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন।
গত মাসে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইরাক সফর করেন। সে সফরে তিনি দু দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে ইরাকের কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি বৈঠক সকরেন।#
পার্সটুডে/এসআইবি/এআর/৬