টেলিফোন সংলাপে আইআরজিসি সম্পর্কে ম্যাকরনকে যা বললেন রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i69457-টেলিফোন_সংলাপে_আইআরজিসি_সম্পর্কে_ম্যাকরনকে_যা_বললেন_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে মারাত্মক উসকানিমূলক, বিপজ্জনক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আইআরজিসি’র আত্মোৎসর্গ না থাকলে এখন মধ্যপ্রাচ্যের অন্তত দু’টি দেশ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে থাকত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১০, ২০১৯ ০০:৩০ Asia/Dhaka
  • টেলিফোন সংলাপে আইআরজিসি সম্পর্কে ম্যাকরনকে যা বললেন রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে মারাত্মক উসকানিমূলক, বিপজ্জনক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আইআরজিসি’র আত্মোৎসর্গ না থাকলে এখন মধ্যপ্রাচ্যের অন্তত দু’টি দেশ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে থাকত।

তিনি গতরাতে (মঙ্গলবার রাতে) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, দায়েশসহ (আইএস) মধ্যপ্রাচ্যে তৎপর অন্যান্য উগ্র জঙ্গি গোষ্ঠী নির্মূলে আইআরজিসি অনস্বীকার্য ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, দায়েশ নির্মূলে আইআরজিসি’র এই ভূমিকা তারাই মেনে নিতে পারেনি যারা এই সন্ত্রাসী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। তিনি এক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুস্পষ্ট স্বীকারোক্তির কথা উল্লেখ করে বলেন, নেতানিয়াহু স্বীকার করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার আবেদনে সাড়া দিয়ে আইআরজিসি’র বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আইআরজিসি

ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দিয়েছেন। তিনি এমন সময় এ পদক্ষেপ নিয়েছেন যখন মধ্যপ্রাচ্যে মার্কিন পৃষ্ঠপোষকতায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে এই বাহিনী প্রধান ভূমিকা পালন করেছে।

প্রেসিডেন্ট রুহানির সঙ্গে টেলিফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, ফ্রান্সসহ সকল ইউরোপীয় দেশ ইরানের পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে আমেরিকাকে উৎসাহিত করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন।  এই কাজে চীন ও রাশিয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান ম্যাকরন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০