মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি
-
মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন সকল মার্কিন সেনা বা সন্ত্রাসী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা কখনো তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সাহস দেখাবে না।
আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বুধবার বিকেলে তেহরানে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের পর আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আইআরজিসি’র বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক পদক্ষেপ অত্যন্ত হাস্যকর এবং স্লোগাননির্ভর।
বিশ্বের সবচেয়ে নির্বোধ ব্যক্তিরা ইরানের সঙ্গে শত্রুতা করে বলে উল্লেখ করেন জেনারেল জাফারি। তিনি বলেন, ওয়াশিংটন ইরানের সরকার ও জনগণের সম্পর্কে ফাটল ধরানোর লক্ষ্যে আইআরজিসি’র বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বাস্তবে এর ফল হয়েছে উল্টো। এর ফলে জনগণের সঙ্গে ইরানের সরকার ও নিরাপত্তা বাহিনীগুলোর সম্পর্ক আরো বেশি সংহত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দিয়েছেন। তিনি এমন সময় এ পদক্ষেপ নিয়েছেন যখন মধ্যপ্রাচ্যে মার্কিন পৃষ্ঠপোষকতায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে এই বাহিনী প্রধান ভূমিকা পালন করেছে।
এদিকে, প্রেসিডেন্ট রুহানির নেতৃত্বাধীন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার রাতেই ‘সেন্টকম’সহ মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল বাহিনীকে সন্ত্রাসী বাহিনীগুলোর তালিকায় স্থান দেয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১