আইআরজিসি’র সমর্থনে ইরানজুড়ে মিছিল
-
আইআরজিসি’র সমর্থনে ইরানের বিভিন্ন শহরে মিছিল
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রতি সমর্থন জানিয়ে সারা দেশে লাখ লাখ মানুষ মিছিল করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পর আজ (শুক্রবার) ইরানজুড়ে এ মিছিল হলো।
মিছিলকারীরা আইআরজিসি’র প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন এবং বিভিন্ন রকমের প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। এর আগে ইরানের সরকার ও রাজনৈতিক শক্তিগুলোর পক্ষ থেকে আইআরজিসি’র প্রতি সমর্থন ঘোষণা করা হয়। এছাড়া, গত ৯ এপ্রিল ইরানের সব সংসদ সদস্য এ বাহিনীর ইউনিফর্ম পরে আইআরজিসি’র প্রতি সমর্থন জানান।
গত ৮ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসি-কে সন্ত্রাসী ঘোষণা করে কালো তালিকাভুক্ত করেন। অথচ আইআরজিসি সিরিয়া ও ইরাকে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মার্কিন সরকারের এ উদ্যোগের বিরুদ্ধে ইরানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে ইরান সন্ত্রাসী বাহিনী ঘোষণা করেছে।#
পার্সটুডে/এসআইবি/১২