‘আইআরজিসি’র বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমেরিকা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে’
-
ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র বিরুদ্ধে আমেরিকা সম্প্রতি যে পদক্ষেপ নিয়েছে তা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। আইআরজিসি’র উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে এক বক্তব্যে একথা বলেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসি’কে তার দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দিয়েছেন। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট অন্য কোনো দেশের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করলেন।
এর প্রতিক্রিয়ায় জেনারেল সালামি বলেন, মার্কিন সরকার হচ্ছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক। এ ছাড়া, গণতন্ত্রের মিথ্যা দাবি তুলে বিশ্বের বহু স্থানের নিরীহ মানুষের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে আমেরিকা।
আইআরজিসি’র উপ প্রধান বলেন, আমেরিকার হাতে তৈরি জঙ্গি গোষ্ঠী দায়েশকে ইরাক ও সিরিয়া থেকে উৎখাত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। এ কারণে আইআরজিসি’র ওপর মার্কিন রোষাণল নেমে এসেছে বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪