আমিরাতের বন্দরে হামলা: উদ্বেগ প্রকাশ করল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি
সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ ঘটনার জন্য ইরান ‘বিদেশি নাটের গুরুদের’ দিকে ইঙ্গিত করেছে। ইরান বলছে, পারস্য উপসাগরে জাহাজ চলাচল বিঘ্নিত করতেই এমন ধরনের হামলা করা হয়েছে।
আজ (সোমবার) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি ফুজায়রা বন্দরের হামলাকে “দুঃখজনক” ও “চিন্তাদায়ক” বলে মন্তব্য করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।
জাহাজ চলাচল সংক্রান্ত নিরাপত্তা বিঘ্নিত করার ক্ষেত্রে তিনি পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে “দুষ্টুচক্রের ষড়যন্ত্র’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
ইরানের বিবৃতির আগে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আমিরাতি পানিসীমায় চারটি বাণিজ্যিক জাহাজ ‘নাশকতামূলক’ হামলার শিকার হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে হামলায় কেউ হতাহত হয় নি তবে জাহাজগুলোর অবকাঠামোগত মারাত্মক ক্ষতি হয়েছে। ওই হামলার বিষয়ে এখনো কেউ দায়িত্ব স্বীকার করে নি।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।