ইরাকের ইরবিলে আমেরিকার সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i161694-ইরাকের_ইরবিলে_আমেরিকার_সব_অবকাঠামো_ধ্বংস_করা_হয়েছে_ইরান
পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, "আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন ঘাঁটিগুলোতে মারাত্মক ক্ষতি সাধন করেছে এবং এসব ঘাঁটির একটি বড় অংশ এখন কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে।"
(last modified 2026-07-26T12:52:51+00:00 )
জুলাই ২৬, ২০২৬ ১৮:৪৮ Asia/Dhaka
  •  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া

পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, "আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন ঘাঁটিগুলোতে মারাত্মক ক্ষতি সাধন করেছে এবং এসব ঘাঁটির একটি বড় অংশ এখন কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে।"

মেহর বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া শনিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে বলেন, "এই যুদ্ধ যদি অব্যাহত থাকে, তবে অতীতে যেভাবে অভিযান চালিয়েছি, সেভাবেই তা চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমেরিকানরা যতক্ষণ না বুঝতে পারছে যে, আগ্রাসন চালিয়ে ইরানি জনগণের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া সম্ভব নয়, ততক্ষণ এই অভিযান চলবে।"

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, "৪০ দিনের যুদ্ধের শেষভাগে আমরা নতুন কিছু ড্রোন উন্মোচন করেছি। প্রয়োজন হলে পরবর্তীতে এগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। বর্তমানে আমরা 'আরাশ-২'-এর চেয়েও বেশি উন্নত ড্রোন ব্যবহার করছি, যেগুলোর ধ্বংসক্ষমতা, নির্ভুলতা এবং পাল্লা অনেক বেশি। তবে এখন পর্যন্ত এই ড্রোনগুলোর বিবরণ প্রকাশ করা হয়নি।"

তিনি বলেন: "যুদ্ধবিরতির ফলে সৃষ্ট সুযোগে এবং যুদ্ধের শেষ দিক থেকে, হামলায় ক্ষতিগ্রস্ত আমাদের অনেক সরঞ্জামকে আমরা পুনরায় কার্যকর করে তুলতে পেরেছি এবং এই কাজটি সফলভাবেই সম্পন্ন হয়েছে।"

আকরাম-নিয়া আরও বলেন: "আমরা বেশ কিছু নতুন সরঞ্জামও যুক্ত করেছি যা আমাদের দারুণ সক্ষমতা এনে দিয়েছে। এটি ওই ৪০ দিনের যুদ্ধের তুলনায় শত্রুর জন্য ইরানের আকাশসীমাকে তুলনামূলকভাবে আরও বেশি অনিরাপদ করে তুলেছে।"

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেন, "কোনো দেশই দাবি করতে পারে না যে, তাদের আকাশসীমা ১০০% সুরক্ষিত। এমনকি আমেরিকার মতো দেশেও মাঝে মাঝে অজ্ঞাত বিমান ঢুকে পড়ে, যা হোয়াইট হাউসের প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে যায়।"#

পার্সটুডে/এমএ‌আর/২৬