ইরানের অনুমতি নিয়েই পারস্য উপসাগরে মার্কিন জাহাজ চলছে: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i70625-ইরানের_অনুমতি_নিয়েই_পারস্য_উপসাগরে_মার্কিন_জাহাজ_চলছে_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার বলেছেন, পারস্য উপসাগরে ইরানি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং চলাচলের ক্ষেত্রে তাদের অনুমতি নিয়েই আমেরিকা যুদ্ধাজাহাজ পাঠিয়েছে।
(last modified 2026-02-27T14:27:25+00:00 )
মে ২৩, ২০১৯ ১৫:৩৪ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে ইরানি সাবমেরিন
    পারস্য উপসাগরে ইরানি সাবমেরিন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার বলেছেন, পারস্য উপসাগরে ইরানি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং চলাচলের ক্ষেত্রে তাদের অনুমতি নিয়েই আমেরিকা যুদ্ধাজাহাজ পাঠিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি গতকাল (বুধবার) একথা বলেন। তিনি আরো বলেন, বহু বছর ধরেই আমাদের বাহিনী পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ফলে মার্কিন যুদ্ধজাহাজকে সেখানে চলাচলের জন্য ইরানি সেনাদের কাছ থেকে অনুমতি নিতে হয়।

রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি

আমেরিকা সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে হুমকি-ধমকি দিয়েছে তা নাকচ করে অ্যাডমিরাল ফাদাভি এসব কথা বললেন। তিনি বলেন, হরমুজ প্রণালীর উত্তরাংশের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। এমনকি মার্কিন জাহাজের ক্রুরা ইরানি সেনাদের কাছ থেকে ফারসি ভাষা জেনে নিয়ে সেই অনুযায়ী যোগাযোগ করার চেষ্টা করে। এ বিষয়টি ইরানের শক্তির কথা ইঙ্গিত করে বলে আলী ফাদাভি মন্তব্য করেন।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বহুসংখ্যক তেলবাহী জাহাজ চলাচল করে। এ প্রণালীর মাধ্যমে পারস্য উপসাগর ওমান সাগরের সঙ্গে যুক্ত হয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে আমেরিকা পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ার মোতায়েন করে।#

পার্সটুডে/এসআইবি/২৩