‘আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করতে প্রস্তুত ইরান’
-
সম্মেলনে বক্তৃতা দেন ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি (মাঝে)
ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি বলেছেন, পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে তেহরান ভুল বোঝাবুঝি দূর করতে প্রস্তুত রয়েছে। আঞ্চলিক সব দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মিলিত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পারস্য উপসাগলীয় অঞ্চলে উত্তেজনা কমানো শীর্ষক এক সম্মেলনে বক্তৃতা করার সময় বাহরাম কাসেমি এসব কথা বলেন। ফ্রান্সের সিনেটে গতকাল (মঙ্গলবার) এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। প্যারিসে ইরানি দূতাবাস তাদের টুইটার বার্তায় খবরটি নিশ্চিত করেছে।
কাসেমি বলেন, "আরব রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা ও ভুলবোঝাবুঝি দূর করতে আমরা প্রস্তুত ছিলাম এবং আছি।” এ সময় তিনি কয়েকটি আরব দেশের সমালোচনা করে বলেন, উত্তেজনা কমানো ও টেকসই শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এসব দেশ ইরানের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সম্প্রতি যে অনাগ্রাসন চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছেন সে কথাও তুলে ধরেন কাসেমি।#
পার্সটুডে/এসআইবি/২৯