আমেরিকার কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ নিশ্চিতভাবে ব্যর্থ হবে: ইরান
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ফিলিস্তিনি জাতির অধিকার খর্ব করার লক্ষ্যে আমেরিকা ‘শতাব্দির সেরা চুক্তি’ নামের যে পরিকল্পনা তৈরি করেছে তা নিশ্চিতভাবে ব্যর্থ হবে। তিনি বৃহস্পতিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় অনুষ্ঠিত একটি সম্মেলনে তেহরান থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।
‘শতাব্দির সেরা চুক্তিকে না বলুন’- শীর্ষক সম্মেলনে দেয়া বক্তৃতায় শামখানি বলেন, “প্রতিরোধকামী ফিলিস্তিনি জনগণের হাতে শতাব্দির সেরা চুক্তি পরাজিত হবে।” সম্মেলনে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
ফিলিস্তিনি জনগণের অধিকার চিরতরে নির্মূল করে দেয়ার লক্ষ্যে আমেরিকা কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ নামক পরিকল্পনা তৈরি করেছে। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ এই পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
এই পরিকল্পনায় আল-কুদসকে ইহুদিবাদী ইসরাইলের হাতে ন্যস্ত করার কথা বলা হয়েছে এবং ফিলিস্তিনি শরণার্থীদের মাতৃভূমিতে ফিরে আসার অধিকার চিরতরে খর্ব করা হয়েছে। এই ন্যক্কারজনক পরিকল্পনায় আরো বলা হয়েছে, জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকার যতটুকু অংশে এখন ফিলিস্তিনিরা ঘেরাও হয়ে রয়েছে ততটুকু অংশ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে।
আলী শামখানি বলেন, আমেরিকা ফিলিস্তিনকে চিরতরে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার লক্ষ্যে এই পরিকল্পনা তৈরি করেছে। কাজেই মুসলিম বিশ্বকে এ পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব শামখানি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরো কিছু আরব দেশ আমেরিকার কথিত শতাব্দির সেরা চুক্তি পরিকল্পনার প্রতি যে সমর্থন জানিয়েছে তাকে ন্যক্কারজনক বলে এর তীব্র নিন্দা জানান ইরানের নিরাপত্তা প্রধান।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৩১