ইরান-বিদ্বেষ ছড়ানোয় সৌদি আরবের তীব্র নিন্দা জানাল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i70833-ইরান_বিদ্বেষ_ছড়ানোয়_সৌদি_আরবের_তীব্র_নিন্দা_জানাল_তেহরান
আরব লীগের জরুরি বৈঠক ডেকে সেখানে ইরান-বিদ্বেষী ইস্যু উত্থাপন করায় সৌদি আরবের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, মুসলিম বিশ্বে সৌদি আরবের এ ধরনের বিভাজনের নীতি কেবলমাত্র ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩১, ২০১৯ ১২:২৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

আরব লীগের জরুরি বৈঠক ডেকে সেখানে ইরান-বিদ্বেষী ইস্যু উত্থাপন করায় সৌদি আরবের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, মুসলিম বিশ্বে সৌদি আরবের এ ধরনের বিভাজনের নীতি কেবলমাত্র ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।

আজ (শুক্রবার) পবিত্র মক্কা নগরীতে আরব নেতাদের এক জরুরি বৈঠকে সৌদি রাজা সালমান তার ভাষায় ইরানকে প্রতিহত করার জন্য আরব নেতাদের প্রতি আহ্বান জানান। তার এ আহ্বানের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ওই মন্তব্য করেন।

মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের কাজে সৌদি আরব পবিত্র রমজান মাসের পাশাপাশি পবিত্র মক্কা নগরীর অপব্যবহার করছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক কুদস দিবসে আরব ও মুসলিম নেতাদের বৈঠকে যখন ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের উপায় নিতে আলোচনা করা যেত তখন সৌদি আরব এ বৈঠককে আঞ্চলিক দেশগুলোর মাঝে বিভাজন সৃষ্টির কাজে ব্যবহার করছে কেবল ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।

সৌদি রাজা সালমান (বামে)

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মুসলিম বিশ্বের প্রধান সংকট ফিলিস্তিন সমস্যাকে পাশ কাটানোর অপচেষ্টা করে সৌদি আরব বর্তমানে কৌশলগত ভুল করছে যার মাশুল একদিন রিয়াদকেই দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার মক্কায় আরব লীগের জরুরি বৈঠক থেকে ইরান বিরোধী বিবৃতি দেয়া হয়।  বিবৃতিতে আবারও ইরানের বিষয়ে মিথ্যাচার করা হয়। বলা হয়, আরব দেশগুলো বিশেষকরে সিরিয়া ও বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে। বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেন থেকে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে ছোঁড়া হচ্ছে। আরব লীগের অন্যতম সদস্য ইরাক ওই বিবৃতির প্রতিবাদ জানিয়েছে। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৩১