ইরান কোনো কিছু লুকানোর প্রয়োজন মনে করে না: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i70858-ইরান_কোনো_কিছু_লুকানোর_প্রয়োজন_মনে_করে_না_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মধ্যপ্রাচ্যের সকল উত্তেজনার উৎস হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা। এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাতের উপকূলে চারটি তেল ট্যাংকারে নাশকতামূলক হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে আমেরিকা ও তার আরব মিত্ররা যে বক্তব্য দিয়েছে তাও কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৯ ১০:১১ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মধ্যপ্রাচ্যের সকল উত্তেজনার উৎস হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা। এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাতের উপকূলে চারটি তেল ট্যাংকারে নাশকতামূলক হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে আমেরিকা ও তার আরব মিত্ররা যে বক্তব্য দিয়েছে তাও কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন তিনি।

জেনারেল সালামি আজ তেহরানে বলেন, “ইরান একটি শক্তিশালী দেশ। আমাদের কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই। আমরা যদি কোনো কিছু করে থাকি তাহলে আমরা তা জনসমক্ষে প্রকাশ করে দেই।”

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কিছু কর্মকর্তা অভিযোগ করেছেন, আইআরজিসি তার কথিত ছায়া বাহিনীগুলোর মাধ্যমে তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-আসাফ

এ সম্পর্কে আইআরজিসি’র কমান্ডার আরো বলেন, “ইরানিরা আরব দেশগুলোর তেহরান-বিদ্বেষী বক্তব্যকে কখনোই গুরুত্ব দিয়ে দেখে না।” তিনি আরো বলেন, “আমেরিকার তাবেদার কিছু বেদুঈন আরব শাসকের নিজে থেকে কিছু বলার ক্ষমতা নেই বরং তারা শতভাগ ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছেন। কাজেই তাদের মন্তব্য ও কথাবার্তা প্রতিক্রিয়া জানানোর মতো যোগ্যতা রাখে না।”

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-আসাফ সম্প্রতি অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে চারটি তেল ট্যাংকারে রহস্যজনক হামলায় ইরানের হাত রয়েছে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন একই অভিযোগ করার কয়েক ঘণ্টার মাথায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার পুনরাবৃত্তি করেন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১