পরমাণু প্রতিশ্রুতি স্থগিত করা ইরানের ছোট পদক্ষেপ: রুহানি
-
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা স্থগিতের ঘোষণা দিয়ে ইরান প্রকৃতপক্ষে ছোট পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, তেহরানের সিদ্ধান্তের বিষয়ে কিছু দেশ যে প্রচারণা চালানোর চেষ্টা করছে তা আসলে সাংঘর্ষিক। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার তুলনায় ইরানের পদক্ষেপ অনেক ছোট। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আজ (বুধবার) এসব কথা বলেছেন।
তিনি বলেন, আমেরিকা শুধু পরমাণু সমঝোতা লঙ্ঘনই করে নি বরং এর মূল চেতনাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। প্রেসিডেন্ট রুহানি বলেন, সমঝোতার মূল চেতনা ছিল ইরান ও সারা বিশ্বের মধ্যে অবাধ বাণিজ্য।
সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইউরোপ শুধু মৌখিকভাবে সমঝোতা বাঁচিয়ে রাখার প্রতি সমর্থন দিয়েছে কিন্তু ইরানের সঙ্গে বাণিজ্য-সুবিধা চালু রাখার জন্য তেমন কিছুই করে নি। এ অবস্থায় ইরান গত ৮ মে পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা থেকে বিরত থাকার ঘোষণা দেয়। এছাড়া, বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথাও বলেছে। পাশাপাশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা মানবে না বলেও ঘোষণা দিয়েছে ইরান।#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।