পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতিই উত্তেজনার কারণ: শামখানি
-
আলি শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, পশ্চিম এশিয়ায় বিদেশি সেনা বিশেষ করে মার্কিন সেনা এবং নৌবহরের উপস্থিতিই এ অঞ্চলে সকল উত্তেজনার মূল কারণ।
গতরাতে রাশিয়া টু-ডে নিউজ চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামকে ইরানের ওপর হামলায় পৃষ্ঠপোষকতা দিয়েছিল আমেরিকা। ইরানের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা এবং পরবর্তীকালে কুয়েতে হামলা করার ক্ষেত্রেও সাদ্দামকে মদদ দিয়েছিল মার্কিনীরা।
শামখানি বলেন, ইরানের নীতি হলো পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। ইরান কোনো দেশে হামলা করবে না। তবে কেউ যদি ইরানের ওপর হামলা করার মতো ধৃষ্ঠতা দেখায় তাহলে আগ্রাসীদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।
মার্কিন অর্থনৈতিক সন্ত্রাস ও নিষেধাজ্ঞার নীতি কোনো ফল বয়ে আনবে না। তাদের এই অন্যায় নীতি শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও তিনি দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেন।
শামখানি আরও বলেন, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাকে আমলে নেয় না।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।