ইরানি ট্যাংকার থেকে আরো ২ ক্রু আটক করছে জিব্রাল্টার পুলিশ
https://parstoday.ir/bn/news/iran-i71915-ইরানি_ট্যাংকার_থেকে_আরো_২_ক্রু_আটক_করছে_জিব্রাল্টার_পুলিশ
জিব্রাল্টার প্রণালীতে আটক ইরানি তেলবাহী সুপার ট্যাংকারের আরো দুই ক্রুকে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে ট্যাংকারটি আটক করেছিল ব্রিটিশ মেরিন সেনারা।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ১৩, ২০১৯ ০৯:৪৪ Asia/Dhaka
  • জিব্রাল্টার উপকূলে আটক  ইরানি তেল ট্যাংকার
    জিব্রাল্টার উপকূলে আটক ইরানি তেল ট্যাংকার

জিব্রাল্টার প্রণালীতে আটক ইরানি তেলবাহী সুপার ট্যাংকারের আরো দুই ক্রুকে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে ট্যাংকারটি আটক করেছিল ব্রিটিশ মেরিন সেনারা।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টার পুলিশ কর্তৃপক্ষ বলেছে, ইরানি সুপার ট্যাংকার গ্রেস-১ থেকে আরো দুই ক্রুকে আটক করা হয়েছে। এর একদিন আগে জাহাজের ক্যাপ্টেন ও চিফ অফিসারকে আটক করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আটক চারজনই ভারতীয় নাগরিক এবং তাদেরকে আইনি সহায়তা নেয়ার পূর্ণ অধিকার দেয়া হয়েছে।  

ইরানি সুপার ট্যাংকার গ্রেস-১

গত ৪ জুলাই তেল ট্যাংকারটি আটক করার পর থেকে ইরান ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। ব্রিটেন দাবি করছে- অপরিশোধিত তেল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় জাহাজটি আটক করা হয়। তবে ইরান বলছে জাহাজটি সিরিয়ায় যাচ্ছিল না এবং সিরিয়ার কোনো বন্দরেই এ ধরনের জাহাজ ভিড়তে পারে না। সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে।

জাহাজটি আটকের পরপরই স্পেন জানায়, মার্কিন সরকারের অনুরোধে ব্রিটিশ সেনারা ইরানি জাহাজটি আটক করেছে। জিব্রাল্টারের মালিকানা নিয়ে ব্রিটেন ও স্পেনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/১৩