আইআরজিসি যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী: ফাদাভি
-
ফাদাভি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, আইআরজিসি অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী। দিন যতই গড়াচ্ছে ইসলামি বিপ্লব ততই গৌরব উজ্বল হচ্ছে বলে তিনি জানান।
আইআরজিসি'র এক শহীদের দাফন অনুষ্ঠানে তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেন। ফাদাভি বলেন, আমার কাছে আইআরজিসি'র ইউনিফর্ম হচ্ছে পবিত্রতম ইউনিফর্ম, কারণ এই ইউনিফর্ম পড়েই হাজার হাজার সেনা শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। তারা ছিলেন আল্লাহর সর্বোত্তম বান্দা।
শহীদদের রক্তের কল্যাণেই ইরান আজকের সম্মানজনক দৃঢ় অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আইআরজিসি'র উপ-প্রধান আলী ফাদাভি আরও বলেন, আমরা যে পথ অনুসরণ করছি তা হচ্ছে আল্লাহর নির্দেশিত সেই পথ যেখানে রয়েছে চূড়ান্ত কল্যাণ। তবে তা অর্জনের জন্য আমাদেরকে দৃঢ় এবং সংকল্পবদ্ধ থাকতে হবে।
আইআরজিসি হচ্ছে ইরানের অন্যতম প্রধান সামরিক বাহিনী। ইসলামি বিপ্লবের প্রথম থেকেই এই বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। সম্প্রতি আমেরিকার অত্যাধুনিক ড্রোন ধ্বংস এবং ব্রিটিশ তেল ট্যাংকার আটক করে নিজেদের দক্ষতা ও সাহসিকতার প্রমাণ দিয়েছে আইআরজিসি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।