আবার ট্রাম্পের প্রলাপ: ‘ইরান আমেরিকার সঙ্গে সংলাপ চায়’
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্থানীয় সময় গতরাতে ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও একটি নতুন চুক্তি করতে চায় কিন্তু এ কাজের জন্য তারা হয়তো 'তন্দ্রামগ্ন জো বাইডেনের' জন্য অপেক্ষা করবে।
আগামী বছর আমেরিকায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অন্যতম সম্ভাব্য প্রার্থী জো বাইডেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
এর আগে গত ১৬ জুলাইও একবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের কর্মকর্তারা তার সঙ্গে আলোচনা করতে আগ্রহী। ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত কয়েক মাসে অসংখ্যবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইরানের সঙ্গে আলোচনায় বসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
তারা এমন সময় এ আগ্রহ প্রকাশ করছেন যখন ট্রাম্প গত বছর একতরফাভাবে ও গায়ের জোরে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অথচ ওই পরমাণু সমঝোতা হচ্ছে পাশ্চাত্যের সঙ্গে ইরানের কয়েক বছরের আলোচনার ফসল।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতমাসে এক ভাষণে বলেছেন, তার দেশকে নিরস্ত্র করে এর শক্তিমত্তা খর্ব করার লক্ষ্যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি আরো বলেন, ইরানের সামরিক শক্তিমত্তার কারণে মার্কিনীরা তেহরানের বিরুদ্ধে হামলা চালানোর সাহস পাচ্ছে না। কাজেই এখন আলোচনার মাধ্যমে তারা সে শক্তিমত্তা কেড়ে নিতে চায় যাতে ভবিষ্যতে তাদের সামনে আর কোনো প্রতিবন্ধকতা না থাকে। তিনি সাম্রাজ্যবাদী আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।#
পার্সটুডে/এমএমআই/২৭