পারস্য উপসাগরে জোট গঠনের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল জার্মানি
https://parstoday.ir/bn/news/iran-i72401-পারস্য_উপসাগরে_জোট_গঠনের_মার্কিন_প্রস্তাব_প্রত্যাখ্যান_করল_জার্মানি
পারস্য উপসাগরে ইরান-বিরোধী সামরিক জোট গঠনের লক্ষ্যে ওয়াশিংটন বার্লিনকে যে আমন্ত্রণ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে জার্মানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৯ ০২:১৯ Asia/Dhaka
  • সম্প্রতি মধ্যপ্রাচ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ \'আব্রাহাম লিঙ্কন\' মোতায়েন করে আমেরিকা
    সম্প্রতি মধ্যপ্রাচ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ \'আব্রাহাম লিঙ্কন\' মোতায়েন করে আমেরিকা

পারস্য উপসাগরে ইরান-বিরোধী সামরিক জোট গঠনের লক্ষ্যে ওয়াশিংটন বার্লিনকে যে আমন্ত্রণ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে জার্মানি।

পারস্য উপসাগরে কথিত ‘ইরানি-হুমকি’ প্রতিহত করার জন্য গত কিছুদিন ধরে আমেরিকা একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে এবং গতকাল (মঙ্গলবার) এ ব্যাপারে ওয়াশিংটন বার্লিনকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে আমেরিকার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিবৃতিটি প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস

বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি জার্মানিসহ অন্যান্য মিত্র দেশের সামনে পারস্য উপসাগরে একটি নৌ পর্যবেক্ষণ মিশন গঠনের প্রস্তাব উপস্থাপন করে এসব দেশকে তাতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে।”

বিবৃতিতে আরো বলা হয়, “জার্মান সরকার এ প্রস্তাবে নজর বুলিয়েছে কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বারবার আমাদের এ দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন যে, যতটা সম্ভব উত্তেজনা কমিয়ে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। আমরা ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি। ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিকে আমরা প্রত্যাখ্যান করেছি।”

বার্লিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টামারা স্টার্নবার্গ-গ্রেল্লার

এর আগে মঙ্গলবার মার্কিন সরকার জার্মানির ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে পারস্য উপসাগরে ইরান বিরোধী সামরিক জোটে যোগ দিতে বার্লিনের প্রতি আনুষ্ঠানিক আহ্বা জানায়।বার্লিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টামারা স্টার্নবার্গ-গ্রেল্লার এক বিবৃতিতে জানান, “আমরা হরমুজ প্রণালীতে (তার ভাষায়) ইরানি আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে যোগ দিতে জার্মানির প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছি।”

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।