আটক চোরাচালানি জাহাজের সঙ্গে ইরাকের কোনো সম্পর্ক নেই: বাগদাদ
-
পারস্য উপসাগর থেকে আটক তেলবাহী ট্যাংকার
তেল চোরাচালানে জড়িত থাকার দায়ে পারস্য উপসাগর থেকে আটক জাহাজের সঙ্গে ইরাকের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে বাগদাদ। ইরাকের তেল মন্ত্রণালয় বলেছে, “এ মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারে কোনো তেল রপ্তানি করে না।” তবে বিষয়টি নিয়ে ইরাকের তেল মন্ত্রণালয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।
গতকাল (রোববার) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার রমেজান জিরাহি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাহিনীর টহল দল বুধবার রাতে পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছ থেকে তেলবাহী জাহাজটি আটক করে।
কমান্ডার জিরাহি জানান, “পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশে পাচার বিদেশি জাহাজটি অন্য কয়েকটি জাহাজ থেকে তেল সংগ্রহ করছিল।” তবে তিনি কোনো আরব দেশের নাম উল্লেখ করেন নি। কমান্ডার জিরাহি জানান, আটক জাহাজ থেকে সাত লাখ লিটার তেল ও বিভিন্ন দেশের সাতজন নাবিককে আটক করা হয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আটক ট্যাংকারকে ইরাকি ট্যাংকার বলে মনে করা হচ্ছে। ইরাকি বন্দরের দুজন কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে আটক জাহাজটি বেশ ছোট এবং তা ইরাকের একটি বেসরকারি কোম্পানির মালিকানাধীন।#
পার্সটুডে/এসআইবি/৫