পারস্য উপসাগরে ইসরাইলি উপস্থিতি নির্ঘাত যুদ্ধ ডেকে আনবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i72738-পারস্য_উপসাগরে_ইসরাইলি_উপস্থিতি_নির্ঘাত_যুদ্ধ_ডেকে_আনবে_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের যেকোনো ধরনের উপস্থিতি এ অঞ্চলে যুদ্ধ ডেকে আনবে। আর সেরকম কিছু হলে তার সম্পূর্ণ দায় আমেরিকা ও ব্রিটেনকে নিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৯ ০৭:৫১ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি
    রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের যেকোনো ধরনের উপস্থিতি এ অঞ্চলে যুদ্ধ ডেকে আনবে। আর সেরকম কিছু হলে তার সম্পূর্ণ দায় আমেরিকা ও ব্রিটেনকে নিতে হবে।

আইআরজিসি’র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি আজ আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, পারস্য উপসাগরের পানিসীমায় অবৈধ ইসরাইলি সেনা উপস্থিতির দায় আমেরিকা ও ব্রিটেনকে নিতে হবে।

তিনি আরো বলেন, পারস্য উপসাগরে ইহুদিবাদী সেনাদের যেকোনো উপস্থিতি অবৈধ কাজেই সে ধরনের সম্ভাব্য উপস্থিতির অনিবার্য পরিণতি হবে সংঘাত ও যুদ্ধ।

পারস্য উপসাগরে মার্কিন সেনা উপস্থিতি (ফাইল ছবি)

মার্কিন সরকার পারস্য উপসাগরে ইরান বিরোধী একটি নৌ জোট গঠন করার যে ঘোষণা দিয়েছে তাতে ইহুদিবাদী ইসরাইল যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করার পর আইআরজিসি এ হুঁশিয়ারি দিল। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাত্‌য গত ৭ আগস্ট বলেন, তেল আবিব পারস্য উপসাগরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেবে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গত শুক্রবার সতর্ক করে দিয়ে বলেন, পারস্য উপসাগরে ইসরাইলি সেনা উপস্থিতিকে সরাসরি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে তার দেশ।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।